পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

দিনে গরম, সন্ধ্যার পর ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের অনুভূতি; নভেম্বরের শুরুতে শীত আরও জোরালো হওয়ার সম্ভাবনা
টুইট ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। দিনের বেলায় রোদের তাপে গরম অনুভূত হলেও বিকেল গড়াতেই বইছে ঠান্ডা বাতাস। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ছে শীতের আমেজ। তাপমাত্রা কমতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শীতের আগমনী অনুভূতি বাড়ছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় থাকছে গরমের অনুভূতি। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম ও রাতে ঠান্ডা—এমন বৈপরীত্যপূর্ণ আবহাওয়ায় চলাফেরা করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা রুবেল ইসলাম জানান, দিনের বেলায় রোদের কারণে গরম লাগে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে ও ভোরে শীত বেশি অনুভূত হয়।
একই এলাকার বাসিন্দা মাসুস রানাও জানান, সকালে বাইরে বের হলে ঠান্ডা বাতাস অনুভূত হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে গরম লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে দৈনন্দিন চলাফেরায় ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে তাপমাত্রা কমছে। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টিবলয় কেটে গেলে পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।






