মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা জামান

মনোনয়নপত্র বৈধ ঘোষণা, প্রত্যাহারের সময় শেষে নির্বাচিত ঘোষণা করবে ইসি

টুইট ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বিএনপির এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথ আরও নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। নির্ধারিত সময়ের মধ্যে তার বাইরে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি একক প্রার্থী হিসেবে রয়েছেন।

গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে কমিশন।

গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।