বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
টুইট ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিংকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে। পাশাপাশি বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন গ্রহণ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই।






