বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে মিনি ম্যারাথন

বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে মিনি ম্যারাথন, পুরুষ বিভাগে জসিং থোয়াই ও নারী বিভাগে হ্লামে ছাই প্রথম
বান্দরবান প্রতিনিধি: মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে-২০২৬ উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে ২২ জন দৌড়বিদ অংশ নেন। ক্যামলং ছাউনি থেকে শুরু হওয়া দৌড়টি স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানী পাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
পুরুষ বিভাগে প্রথম হয়েছেন জসিং থোয়াই, দ্বিতীয় ক্য ক্য মারমা এবং তৃতীয় উবাচিং। নারী বিভাগে প্রথম হয়েছেন হ্লামে ছাই মারমা, দ্বিতীয় ছাইমে থুই এবং তৃতীয় খিং খিং সাইং।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কিকি উ। এ সময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি থুইসিং প্রু লুবু, চনুমং, উ উইন মং জলি, উছোমং মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রবারণা পূর্ণিমা ও মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের অংশ হিসেবে এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সুস্থ দেহ, সুন্দর মন ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য।
উৎসব উপলক্ষে আরও রয়েছে হ্যান্ডবল টুর্নামেন্ট, মহারথ শোভাযাত্রা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, ফানুস উত্তোলন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে বান্দরবানে মারমা সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।







