ধর্মীয় বক্তব্য নিয়ে বিতর্ক, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হুইপ নিজান

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ; সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর ক্ষমা প্রার্থনা
টুইট ডেস্ক: ধর্মীয় বিতর্কের জন্ম দেওয়া বক্তব্যের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও ক্ষোভ প্রকাশকারীদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন হুইপ নিজান।
পোস্টে তিনি বলেন, “আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।”
রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ সময় তিনি বলেছিলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি—কেউ আমার সাথে থাকুক আর না থাকুক। ভগবান আমাকে শক্তি ও সামর্থ্য দেন।’ বক্তব্যটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে, বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে জানিয়েছেন হুইপ নিজান। সেখানে মহান আল্লাহর কাছে নিজের ঈমান আরও সুদৃঢ় ও মজবুত হওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার সামর্থ্য চেয়ে প্রার্থনা করেছেন তিনি।
এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের এই সংসদ সদস্য।





