রুমিন ফারহানারা মৌসুমি রাজনীতি করেন: রাশেদ খাঁন

মনোনয়ন না পেয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচারের অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘চোর’ আখ্যা দিয়ে মব সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, রুমিন ফারহানারা মৌসুমি রাজনীতি করেন। পরিস্থিতি ও রাজনৈতিক স্রোত বুঝে তাঁরা অবস্থান পরিবর্তনের চেষ্টা করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি বিএনপির বিরুদ্ধে লাগাতার বিষোদগার ও মিথ্যাচার করছেন। এ সময় তিনি শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে রুমিন ফারহানার বক্তব্যের তুলনা করেন।
রাশেদ খাঁন বলেন, রুমিন ফারহানা সম্প্রতি একজন ওসিকে ‘আওয়ামী লীগের চোর’ বলেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগকে ব্যবহার করার পর প্রয়োজন শেষ হলে দলটির পরিচয় সামনে এনে সমালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা হয়তো মনে করেছিলেন, তাঁকে আর দলে ফিরিয়ে নেওয়া হবে না। এ কারণে আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে—এমন সম্ভাবনা থেকে তিনি কয়েকটি গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
এ প্রসঙ্গে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার মনে হয়, রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। যখন যেদিকে জোয়ার থাকে, সেদিকে যাওয়ার চেষ্টা করেন।’
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি চিকিৎসক মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






