ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের নিন্দা

টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরওপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক জ্যেষ্ঠ সচিব খ. ম. কবিরুল ইসলাম এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরকালে বিমানবন্দরে অধ্যাপক ইউনূসের সঙ্গে কয়েকজনের অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। হুইলচেয়ারে থাকা একজন প্রবীণ নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও অসম্মানজনক বলে উল্লেখ করেন তাঁরা।
সংগঠনটির নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। তবে কোনো ব্যক্তির পথ আটকে অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ করা গ্রহণযোগ্য নয়। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও কল্পিত বলেও দাবি করেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সংকটের সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে অধ্যাপক ইউনূস দেশকে সংকট থেকে উত্তরণের চেষ্টা করেছেন। একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনাকেও তাঁর ভূমিকার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন সংগঠনটির নেতারা।
দেশের পুনর্গঠন, অর্থনৈতিক সংকট মোকাবিলা, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ব্যবস্থা চালুর উদ্যোগে অধ্যাপক ইউনূসের ভূমিকার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের সম্মানহানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।






