ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন তারেক রহমান, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যক্রম

টুইট ডেস্ক : রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি এবং বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এ পরিদর্শনে বের হয়েছেন। প্রথমে তিনি উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী আগামী তিন মাসকে ডেঙ্গু মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে এ কার্যক্রমে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।