বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ

ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সরকারের সহযোগিতার আশ্বাস ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর
বান্দরবান প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা এ অনুদান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান সদর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যচিং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য এলাকার প্রতিটি ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সরকার পাশে রয়েছে। পূজামণ্ডপে আর্থিক অনুদান সেই সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।






