বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

সাত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, কয়েক হাজার পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষায়িত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। ক্যাম্পে পাহাড়ি ও বাঙালিসহ কয়েক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ডা. সরফরাজ হায়দার, রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান, মেজর সায়েমসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন।

দুই দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন, চক্ষু, শল্যচিকিৎসা এবং নাক-কান-গলা বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নও সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি চিকিৎসক দল ও ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় বান্দরবানের রাজার মাঠে দুই দিনব্যাপী এ বিশেষায়িত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।