রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

দশ দেশের শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে ৬ দিনব্যাপী প্রতিযোগিতা; রাজশাহীর পাঁচ খেলোয়াড়ও লড়বেন

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়েরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতাও আরও সমৃদ্ধ হচ্ছে। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

আয়োজকেরা জানান, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের বিশ্ব জুনিয়র র‌্যাংকিংয়ে তার অবস্থান ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ে রয়েছেন ভারতের শেখ শাজফা। তার বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ২ হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের মূল ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় বাছাইপর্ব পেরিয়ে এবং চারজন করে খেলোয়াড় বিশেষ সুযোগের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন।

এবারের প্রতিযোগিতায় রাজশাহীর পাঁচ খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী সরাসরি মূল পর্বে খেলবেন। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।

টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত শ্বেত ব্যাজধারী রেফারি ভারতের জয় মুখার্জী।