রাজশাহীতে অনুষ্ঠিত হলো ওয়াইল্ডলাইফ সায়েন্স ফেস্টিভ্যাল

রাজশাহীতে ওয়াইল্ডলাইফ সায়েন্স ফেস্টিভ্যাল। বন্যপ্রাণীর প্রতি মানবিক আচরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ।

রাজশাহী প্রতিনিধি: বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বাড়াতে রাজশাহীতে শুরু হয়েছে ‘ওয়াইল্ডলাইফ অ্যাওয়ারনেস সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬’। বাংলাদেশ অ্যানিমেলস অ্যালাইস ভলান্টিয়ার্সের (BAAV) উদ্যোগে আয়োজিত উৎসবে শিক্ষার্থী, তরুণ ও প্রকৃতিপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. জিজানুর রহমান, রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং ব্যাংকার মো. বদিউল আলম লিংকন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে আরও সুন্দর ও প্রাণবন্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার পর প্রায় তিন মাসে নগরীতে তিন হাজার গাছ লাগানো হয়েছে বলেও জানান তিনি।

আয়োজকরা বলেন, নগরায়ণ, বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন্যপ্রাণী পাচারের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তরুণদের মধ্যে সচেতনতা তৈরি এবং সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতেই এ উৎসবের আয়োজন।

উৎসবে বন্যপ্রাণীর প্রকৃতিতে ভূমিকা, পরিবেশের ভারসাম্য এবং প্রাণীর প্রতি মানবিক আচরণ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।