ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার যুবক

৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণ
ট্রাইব্যুনালের বিপরীতে বিস্ফোরণের পর পালানোর সময় গ্রেপ্তার; জড়িত ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
টুইট প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিস্ফোরণ ঘটানোর জন্য অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করেছিলেন রেজাউল।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রেজাউল
জানিয়েছেন, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।
রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী, পরিকল্পনার অংশ হিসেবে তিনি ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে মঙ্গলবার মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে।
ধানমন্ডি থানা-পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের নেপথ্যে থাকা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত অব্যাহত রয়েছে।
কঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এর আশপাশের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। পুলিশ বলছে, বিস্ফোরণের উদ্দেশ্য এবং এর পেছনে থাকা ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।






