পার্বত্য চট্টগ্রামে ঝর্ণা পুনরুজ্জীবনের তাগিদ মন্ত্রীর

পানি সংকট নিরসনে ঝর্ণা সংরক্ষণ ও পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব দিলেন মন্ত্রী।

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা পানি সংকট উল্লেখ করে টেকসই পানির উৎস নিশ্চিত করতে ঝর্ণা পুনরুজ্জীবিত ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জলের ব্যবস্থা করা অন্যতম প্রধান উন্নয়ন অগ্রাধিকার। স্থানীয় পানি সংকট নিরসন এবং ঝর্ণা ও পানির উৎস পুনরুজ্জীবনে আইসিআইএমওডির ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

তিনি বলেন, আইসিআইএমওডির প্রদর্শিত সমাধান থেকে শিক্ষা নিয়ে সফল পদ্ধতিগুলো কীভাবে পুরো পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, তা দেখতে হবে। প্রকল্পটি সফল করতে এর বাস্তবায়ন ও প্রসারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে জলবায়ু অভিযোজন, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয়। স্থানীয় বাস্তবতা ও মানুষের চাহিদার ভিত্তিতে জলবায়ু অভিযোজনমূলক বিনিয়োগ নিশ্চিত করতে মন্ত্রণালয়, আইসিআইএমওডি, স্থানীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আইসিআইএমওডির বাংলাদেশে কান্ট্রি ফোকাল মাহমুদ আল হক পাটোয়ারী, HI-CAS প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড ও কান্ট্রি প্রজেক্ট অফিসার মো. তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।