শ্রেষ্ঠ বিমানসেনাদের হাতে ট্রফি-সনদ তুলে দিলেন বিমান বাহিনী প্রধান

পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নির্বাচিত ৭ শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নিজস্ব প্রতি‌বেদক: অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের নির্বাচিত শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সদস্যদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

২০২৫ সালের জন্য অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ মোট ৭ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে এ সম্মাননা দেওয়া হয়।

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ সম্মাননা তাদের কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি এবং অন্য সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)