রাজশাহীতে ৫ আসামি গ্রেপ্তার, সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড

বোয়ালিয়ায় ইয়াবাসহ ৪ জনের ২ মাস করে কারাদণ্ড, পবায় সাইকেল চুরির ঘটনায় একজনের ৬ মাস।

নিজস্ব প্রতি‌নি‌ধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও সাইকেল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে শ্রী চন্দন (২৮), গোবিন্দ (২৩), মো. সিয়াম (১৯) ও দেব (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আদালত চারজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় সাইকেল চুরির ঘটনায় ওসামা হোসেন ওরফে সোহান (২৫)-কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সাইকেল। পরে তাকে আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।