আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, পুলিশের আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক পুলিশিং, তদন্ত-ফরেনসিক দক্ষতা, সাইবার অপরাধ, মানবপাচার ও ভিকটিম সুরক্ষায় সহযোগিতা জোরদারে গুরুত্ব।

টুইট প্রতি‌বেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এসময় বাংলাদেশ পুলিশ ও ইইউর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া সন্ত্রাসবাদ ও মানবপাচার মোকাবিলা, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইইউর কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে টেকসই সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়।

ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ পুলিশ