সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অনিয়ম-দুর্নীতি রোধে সচিবদের পদক্ষেপ নিতে বলা হয়েছে

টুইট ডেস্ক: সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিব সভায় সরকারি চাকরির শূন্য পদ পূরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এর অংশ হিসেবে সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব কর্মসূচিতে অর্থ ব্যয়, উপকারভোগী নির্বাচনসহ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সচিব সভায় সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। পাশাপাশি জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আনার সুযোগ রাখা হয়।