সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টুইট ডেস্ক: চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজি চালিত অটোরিকশার চালক কবির মাল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিতে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর অটোরিকশার চালকসহ কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এতে চারজন আহত হন। গুরুতর আহত মোহর আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






