রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট, শতাধিক পরিবার পেল ত্রাণ

তালাইমারীতে শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ। পানিবন্দি মানুষের খোঁজখবর নিয়ে সংকটের সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান।

রাজশাহী, ১৪ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহীর তালাইমারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালাইমারী এলাকায় বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বন্যাকবলিত এক শতাধিক পরিবারের মাঝে খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ বিবেচনায় নিয়ে তাদের জরুরি সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন উপস্থিত নেতাকর্মীরা।

কার্যক্রমে মহানগর বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ত্রাণ বিতরণে সহযোগিতা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
ত্রাণ বিতরণকালে আবুল কালাম আজাদ সুইট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া চান।

তালাইমারী এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য ও ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।