মাদক-অস্ত্র ও অপরাধ দমনে রাজশাহী রেঞ্জে সমন্বিত অভিযানের নির্দেশ ডিআইজির

রাজশাহী রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা। মাদক-সাইবার অপরাধ দমন, অস্ত্র উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্তে ডিআইজির নির্দেশ।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন ডিআইজি মোঃ আশিক সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। এতে রেঞ্জাধীন সব জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগস্ট মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন ডিআইজি মোঃ আশিক সাঈদ।
তিনি মাদক ও সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও মানসম্মত তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যকর তৎপরতা বাড়ানোর পাশাপাশি তদন্তের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আগস্ট মাসে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








