‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, দাবি আইএইচটি শিক্ষক অসীমের

অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করার চক্রান্তের অভিযোগ; সাম্প্রদায়িক উসকানিরও দাবি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষক অসীম কুমার ঘোষের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হয়ে যাওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন এই শিক্ষক।
শনিবার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন অসীম কুমার ঘোষ।
তিনি জানান, গত ৯ ও ১০ সেপ্টেম্বর ব্যক্তিগত প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিয়মতান্ত্রিক ছুটিতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কিন্তু ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হয়েছেন বলে প্রচার করা হয়।
অসীম কুমার বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীকে নিয়ে কোথাও উধাও হইনি। প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের যে ভালোবাসা ও আস্থা অর্জন করেছি, একটি চিহ্নিত মহল চক্রান্ত করে তা বিনষ্ট করতে এই অপপ্রচার চালিয়েছে।’
পুলিশের কথিত অবস্থান শনাক্তের তথ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এ ঘটনায় তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। এরপরও কীভাবে দুই ব্যক্তির মুঠোফোন নম্বরের অবস্থান শনাক্তের তথ্য সামনে এলো, তা তার বোধগম্য নয়। অনুমাননির্ভর তথ্য ও তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে ব্যাপক সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অসীম কুমার আরও অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এলাকায় সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। ঘটনার পর থেকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এতে তিনি মানসিকভাবে চাপে রয়েছেন বলে জানান।
আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়াই কি আমার অপরাধ? একজন শিক্ষক হিসেবে আমি কীভাবে এখন শিক্ষার্থীদের সামনে গিয়ে দাঁড়াব? মানুষ এখন আমাকে খারাপ চোখে দেখছে। আমি এখন কোথায় যাব?’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে তাতে কান না দেওয়ার জন্য সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান অসীম কুমার। একই সঙ্গে ঘটনার বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সত্য তুলে ধরার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষভাগে অসীম কুমার বলেন, অপপ্রচার ও হুমকি অব্যাহত থাকলে নিজের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি ও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।






