ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় বাঘার ৫ জনকে আটক করেছে বিএসএফ

পাটবোঝাই নৌকায় ভুল করে সীমান্ত অতিক্রম, তিন পাট ব্যবসায়ীসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার পাঁচজনকে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার অভিযোগে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় ফেরার পথে তারা ভারতের সীমানায় ঢুকে পড়লে বিএসএফ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার কলেজপড়ুয়া ছেলে মোশাররফ হোসেন, ইয়ানজের ছেলে সাহাবুল আলী, শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী, সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম এবং জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম। আটক পাঁচজনের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তারা বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাড়ির উদ্দেশে রওনা হন। নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝি-মাল্লারা ভুল করে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়েন।

পরে ভারতীয় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যান বলে পরিবারের সদস্যরা জানান।

আটকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তাদের পরিবার।