গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুদ, ডিলারের কারাদণ্ড

সতর্ক করার পরও গুদামে সার মজুদের অভিযোগ, এক মাসের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুদ রাখার অভিযোগে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাইংপাড়া এলাকায় মেসার্স কৃষি ঘরের গুদামে বিপুল পরিমাণ সার মজুদ অবস্থায় পাওয়া যায়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় গুদামের মালিক সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তকে প্রথমে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার তাঁকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।
কৃষি কর্মকর্তা আরও জানান, সার মজুদ ও বিক্রির বিষয়ে সোলাইমান পাটোয়ারীকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গুদামে মজুদ রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান এবং তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






