দুই দিন পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

মালিক-শ্রমিক বিরোধের অবসান, শনিবার দুপুর থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক : দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল শুরু হয়।
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে গত দুই দিন রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত নতুন সরাসরি বাস চলাচলের একটি রুট চালু করাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উভয় পক্ষের কয়েকটি বাস আটকের ঘটনাও ঘটে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহীসহ আশপাশের জেলার যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।
পরে ভূমিমন্ত্রী মিনুর হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হওয়ায় শনিবার দুপুর থেকে আন্তঃজেলা বাস চলাচল পুনরায় শুরু হয়।
বাস চলাচল স্বাভাবিক হওয়ায় রাজশাহী বাস টার্মিনালে স্বস্তি ফিরেছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সমঝোতার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান হওয়ায় ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না।






