একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর

অনলাইনে আবেদন, ১৭ সেপ্টেম্বর ফল প্রকাশ; ২০–২২ সেপ্টেম্বর ভর্তি, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

টুইট ডেস্ক: চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হওয়া আবেদন চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, এবার কোনো ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে। নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

ভর্তি সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হলে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নিশ্চায়নের জন্য সময় থাকবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

এর আগে ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।