ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

তাৎক্ষণিক হতাহতের খবর নেই, উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে

টুইট ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগমুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ট্রেনটির ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হবে।