বান্দরবানে নতুন মিডওয়াইফদের ওরিয়েন্টেশন সম্পন্ন

দুর্গম পাহাড়ে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদারে জেলা পরিষদের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারীদের নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবানে নবনিযুক্ত মিডওয়াইফদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জেলা পরিষদ। ‘প্রজনন স্বাস্থ্য, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বান্দরবান পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত দরিদ্র নারীদের জন্য মিডওয়াইফ শিক্ষা সম্প্রসারণ ও সেবা কার্যক্রম জোরদারকরণ’ প্রকল্পের আওতায় নবযোগদানকারী মিডওয়াইফদের এ ওরিয়েন্টেশন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিষদ সদস্য ডা. সানাইপ্রু ত্রিপুরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি তিমথী খেয়াং, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, গ্রীনহিলের প্রতিনিধিসহ নবনিযুক্ত মিডওয়াইফ ও তাদের অভিভাবকরা।
বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব মিডওয়াইফ দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে নিরাপদ প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন। তাদের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি প্রজনন স্বাস্থ্যসেবার মানও উন্নত হবে।
আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় দক্ষ মিডওয়াইফের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুর্গম এলাকার নারীরা নিরাপদ মাতৃত্ব ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।






