রুমায় হাম রোগ মোকাবিলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ অক্সিজেন সিলিন্ডার দিল জেলা প্রশাসন

দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ, রোগীদের চিকিৎসায় বাড়বে সক্ষমতা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে রুমা উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।
জেলা প্রশাসন জানায়, পার্বত্য অঞ্চলে হাম রোগের বিস্তার রোধ এবং আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় দ্রুত অক্সিজেন সহায়তা পৌঁছে দিয়ে রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়ানোই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জেলা প্রশাসনের এ সময়োপযোগী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, নতুন অক্সিজেন সিলিন্ডার যুক্ত হওয়ায় জরুরি রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকেন্দ্রের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়রা আশা করছেন, জেলা প্রশাসনের এ ধরনের দ্রুত ও কার্যকর উদ্যোগ হাম রোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্গম পার্বত্য এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও জোরদার হবে।






