মস্কো থেকে ফিরেই আলোচনায় ‘প্রিন্সেস রোজি’

যাত্রাশিল্পের সংকট ও আধুনিক বিনোদনের দ্বন্দ্ব নিয়ে নতুন চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ

বিনোদন ডেস্ক | TweetNews24.com

টুইট প্রতিবেদক: বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের অস্তিত্ব সংকট, দর্শক রুচির পরিবর্তন এবং বাণিজ্যিক বিনোদনের আগ্রাসনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ পেয়েছে। ট্রেইলারের কেন্দ্রবিন্দুতে রয়েছে রহস্যময় চরিত্র ‘প্রিন্সেস রোজি’, যিনি সম্প্রতি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আলোচনার জন্ম দিয়েছেন।

মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের ট্রেইলারে একদিকে দেখা যায় রঙিন আলো, উচ্চ শব্দ আর চটুল নৃত্যে মেতে ওঠা দর্শকসমাজ, অন্যদিকে উঠে আসে এক প্রবীণ যাত্রাশিল্পীর নিঃসঙ্গতা ও বেদনার গল্প। নির্মাতা আসিফ ইসলাম এই বৈপরীত্যের মধ্য দিয়েই দেখাতে চেয়েছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা জনপ্রিয়তা হারিয়ে প্রান্তিক অবস্থায় পৌঁছেছে।

ট্রেইলারের গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে প্রবীণ শিল্পী চরিত্রে অভিনয় করা নবাবকে গভীর বিষণ্নতায় নিমজ্জিত অবস্থায় দেখা যায়। একসময় যিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেছিলেন, সেই শিল্পীকেই এখন রুচির পরিবর্তন ও অবহেলার কারণে সংগ্রাম করতে হচ্ছে। চলচ্চিত্রটি সেই সামাজিক বাস্তবতাকেই প্রতীকীভাবে তুলে ধরেছে।

চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নির্মাতা আসিফ ইসলাম। তিনি বলেন, এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী ও কলাকুশলীর সৃজনশীলতা, নিষ্ঠা এবং ভালোবাসাই একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তাদের অবদানের প্রতিই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রেডমার্ক ফিল্মসের ব্যানারে এবং স্ক্রিনস্কোপের সহযোগিতায় নির্মিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন লিওন, আসিফ ইসলাম ও জগন্ময় পাল। প্রযোজনায় রয়েছেন জান্নাতুল বাকের খান, আসিফ ইসলাম ও সাকিব ইফতেখার। সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন জাকির হোসেন রাজু।

আবহমান বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও লোকঐতিহ্যকে উপজীব্য করে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার, আশনা হাবিব ভাবনা, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান এবং সালাউদ্দিন শেখ। শব্দ পরিকল্পনায় ছিলেন সুকান্ত মজুমদার এবং গ্রাফিক নকশায় দায়িত্ব পালন করেছেন রাইয়ান রহমান।

এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয় ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র ‘প্রিন্সেস রোজি’ রূপে উৎসবে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নির্মাতা আসিফ ইসলাম ও ভাবনার লালগালিচায় উপস্থিতি বিশ্বমঞ্চে বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রকে নতুনভাবে পরিচিত করার সুযোগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা যাত্রাশিল্পের ইতিহাস, শিল্পীদের সংগ্রাম এবং সাংস্কৃতিক রূপান্তরের বাস্তবতা তুলে ধরতে পারলে চলচ্চিত্রটি দেশের শিল্প-সংস্কৃতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠতে পারে।