৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের পরিবারগুলোকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্ড বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করা হবে।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য আলাদা ‘কৃষিকার্ড’ চালুর কথাও জানান সরকারপ্রধান। তার ভাষ্য, কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন এবং কৃষিখাতে সহায়তা আরও সহজ হবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, পূর্বে খালেদা জিয়া স্কুল পর্যায়ে মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষকদের প্রশিক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন।

এ সময় চাঁদপুরে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অন্যান্য জেলার মানুষের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।