আগামী ২০ বছরের বান্দরবান কেমন হবে? মাস্টার প্ল্যান নিয়ে কর্মশালায় নানা আলোচনা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের আগামী দিনের উন্নয়ন, নগরায়ন ও নাগরিক সুবিধার রূপরেখা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন” শীর্ষক তথ্য ও অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা। বান্দরবান পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক এসএম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমীর এসএম আবদুচ ছালাম, জেলা বিএনপির সিনিয়র সভাপতি ওসমান গনি এবং অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে।

কর্মশালায় পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা, নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই মাস্টার প্ল্যান মূলত বান্দরবানের আগামী দুই দশকের ভবিষ্যৎ চিত্র নির্ধারণ করবে। রাস্তা উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত না হলে পাহাড়ি শহরের বসবাসযোগ্যতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বান্দরবানের ভৌগোলিক বৈশিষ্ট্য, পাহাড়ি পরিবেশ, জলবায়ু এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা বিবেচনায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিকল্পনাকে কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তব উন্নয়নে রূপ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।