রাজশাহীতে নির্মাণকাজে বাধা: চাঁদা না পেয়ে অপহরণের চেষ্টা

রাজশাহীতে নির্মাণকাজে বাধা, উদ্যোক্তার অভিযোগে থানায় মামলা প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শিরোইল রেল স্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনকে কেন্দ্র করে চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা এবং এক উদ্যোক্তাকে অপহরণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘রাজশাহী টাওয়ার’ নামের বহুতল ভবনটি প্রায় ১০০ জন সদস্যের যৌথ উদ্যোগে নির্মাণাধীন। ভবনটির পাশেই অবস্থিত ‘হকস ইন’ নামের একটি আবাসিক হোটেল, যার মালিক এনাজুল হক অমি। প্রকল্প সংশ্লিষ্টদের অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই অমি হোটেলের কথিত ক্ষয়ক্ষতির অজুহাতে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
উদ্যোক্তারা জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শনে হোটেল ভবনে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ না মিললেও কাজ চালিয়ে নিতে বাধ্য হয়ে তারা বিভিন্ন সময়ে মোট ১৬ লাখ টাকা প্রদান করেন। কিন্তু এরপরও চাঁদার চাপ অব্যাহত থাকে।
বুধবার (১৩ মে) দুপুরে ভবনের ঢালাই কাজ চলাকালে এনাজুল হক অমি তার সহযোগীদের নিয়ে নির্মাণস্থলে প্রবেশ করে কাজ বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় তিনি প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং বাকি টাকা আদায়ের জন্য জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন। তবে উপস্থিত শ্রমিক ও প্রকৌশলীরা বাধা দিলে তিনি ব্যর্থ হন।
ভুক্তভোগী তুহিন অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত এনাজুল হক অমি দাবি করেন, তার হোটেল ভবনে ফাটল দেখা দিয়েছে এবং ক্ষতিপূরণ হিসেবে ২৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে আংশিক টাকা পাওয়া গেছে, বাকি টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে বলে তিনি জানান।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নগরীর নির্মাণ খাত ও আবাসন ব্যবসায় নিরাপত্তা ও চাঁদাবাজির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।






