পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে।
টুইট ডেস্ক: পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চারদিনব্যাপী ‘জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হামলায় অসংখ্য পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী সেই বীর সদস্যদের আদর্শ ধারণ করেই দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। একটি পেশাদার, নিরপেক্ষ ও মানবিক পুলিশ বাহিনীই রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে।
তারেক রহমান আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে—স্বাধীন ও পেশাদার বাহিনী হিসেবে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। বর্তমান সরকার চায়, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনী আরও জনবান্ধব হয়ে উঠুক।
প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশের অভ্যন্তরেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বিদেশে অর্জিত সেই সুনাম দেশের ভেতরেও ধরে রাখতে হবে। জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চারদিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণ, আলোচনা, সম্মাননা প্রদান ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।






