তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের দণ্ড

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।

নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৮ মে ২০২৬) রাত আটটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নে প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে দামোদরপুর পঞ্চায়েতপাড়ার মৃত মোফছার উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৪২) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর একই রাতে রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে পশ্চিম কুর্শা জিগাতলা গ্রামের মো. সজিব ইসলাম (১৯) এবং শরিফুল ইসলামের ছেলে মো. মাসুম মিয়া (২০) কে পৃথকভাবে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।