রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা

 

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে মার্কিন প্রস্তাব প্রত্যাহারের আহ্বান মস্কোর।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে। ইরানের সম্ভাব্য অবরোধ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, এই প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং এতে কার্যকর সমাধানের পথ নেই।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা গেছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ বলেছেন, যুক্তরাষ্ট্র-বাহরাইনের খসড়া প্রস্তাব বর্তমান সংকট নিরসনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। তাই সহলেখকদের দ্রুত এটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে মস্কো।

তিনি বলেন, “হরমুজ প্রণালির মতো স্পর্শকাতর ইস্যুতে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সামরিক চাপ নয়, কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে জরুরি।”

এদিকে রাশিয়া ও চীন যৌথভাবে একটি বিকল্প খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে বলে জানিয়েছেন আলিমভ। সেই প্রস্তাবে সব পক্ষকে যুদ্ধ ও শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘ সংশ্লিষ্ট সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবকে কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়ার ভেটো ক্ষমতা রয়েছে, যা প্রস্তাবটির ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো সামরিক বা রাজনৈতিক অচলাবস্থা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা, তাস।