বাগমারায় বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া মাহফিল

মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় স্থানীয়দের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলার জামলই হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষকেরা। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুমের ছেলে ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু। তিনি বলেন, “আমি ক্ষুদ্র মানুষ। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিলে ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে আরও কাজ করতে চাই। সরকারি যেকোনো অনুদানের ক্ষেত্রে কুরআনের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা জানান, জামলই হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে অতীতেও অনেক শুভানুধ্যায়ী এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। একইসঙ্গে সাবেক মেয়র মিন্টুর ভূয়সী প্রশংসা করে তারা বলেন, মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামলই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ড. আব্দুল রহিম, মাদ্রাসার ব্যবস্থাপক হাবিবুল্লাহ, তাহেরপুর পৌরসভার স্টাফ ও সড়ক-বাতি পরিদর্শক মো. ওয়াহেদ সরকার, মুহতামিম হাফেজ মিজানুর রহমান, শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম, শিক্ষক আতিকুর রহমান, কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আনসার আলী, আব্দুল বাকি, রুহুল আমিন ও আব্দুল মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।






