সংবাদ প্রকাশের জেরে হুমকি

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক থানায় সাধারণ ডায়েরি, সাংবাদিক মহলে উদ্বেগ।

টুইট প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় দুই সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

জানা গেছে, সিংগাইর প্রেসক্লাবের সভাপতি সোহরাব হোসেন অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলাদেশ মেইল ২৪’-এর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা হিসেবে কর্মরত। অপরদিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস প্রতিদিনের সংবাদ ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি।

বৃহস্পতিবার “সিংগাইরে ভিটেবাড়ি উচ্ছেদে দোকানঘরে মা-মেয়ের মানবেতর জীবন” শিরোনামে একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। পরে সাংবাদিক সোহরাব হোসেন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রতিবেদনটি শেয়ার করেন।

এর পরপরই ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মিলন খান নামের এক ব্যক্তি নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্য করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, প্রকাশিত প্রতিবেদনের পক্ষে তাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে এবং দেশের একাধিক গণমাধ্যমে একই বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে তাদের মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় তাদের শারীরিক কিংবা অন্যভাবে ক্ষতির চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকেই থানার শরণাপন্ন হয়েছেন তারা।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মিরাজ হোসেন জানিয়েছেন, আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ অবাধ ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছে।

সংবাদকর্মীদের ভাষ্য, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি ও চাপ প্রয়োগের প্রবণতা বাড়ছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করে।