শিক্ষামন্ত্রীকে দেখলে উগ্রবাদী মনে হয়: জুলাইযোদ্ধা মেহনাজ

ওনার বক্তব্য ও আচরণ উগ্রবাদী মনে হয়- জুলাইযোদ্ধা মেহনাজ।
টুইট ডেস্ক: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেওয়া মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রীর কথাবার্তা ও আচরণে তিনি “উগ্রবাদী মনোভাব” দেখতে পান।
তিনি বলেন, “এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। ওনার আচার-আচরণ এমন যে উনি একাই সঠিক আর বাকিরা সবাই ভুল। কিন্তু বাস্তবে ওনার কথাবার্তা ও আচরণই উগ্রবাদী বলে মনে হয়।”
মেহনাজের অভিযোগ, শিক্ষামন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন— প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতিরিক্ত স্বাধীনতা দিলে সেখান থেকে জঙ্গিবাদ তৈরি হতে পারে। এই মন্তব্যকে “অপমানজনক” আখ্যা দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার ভাষায়, “১৮ তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজপথে না নামত, তাহলে পরিস্থিতি কোথায় যেত সেটা সবাই জানে। অথচ এখন তাদের নিয়েই এমন মন্তব্য করা হচ্ছে।”
তিনি আরও বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের বিচার করা যায় না। “সন্ত্রাস বা উগ্রবাদের কোনো নির্দিষ্ট পরিবার, সমাজ বা প্রতিষ্ঠান নেই। এটি ব্যক্তিকেন্দ্রিক বিষয়। তাই একটি ঘটনার দায় পুরো বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের ওপর চাপানো অন্যায়,” বলেন তিনি।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রসঙ্গ তুলে মেহনাজ বলেন, “আমাদের ডাকসু নেই, বড় কোনো রাজনৈতিক কাঠামোও নেই। তারপরও আন্দোলনের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে ছিল, তা সবাই দেখেছে।”
শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।






