২৭ মে হতে পারে ঈদুল আজহা

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস, চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর

টুইট ডেস্ক: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে পালিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি–এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, যিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে মধ্যরাত ১২টা ১ মিনিটে উদিত হওয়ার পূর্বাভাস রয়েছে। অনুকূল আবহাওয়া ও পর্যবেক্ষণ পরিস্থিতি থাকলে ওই চাঁদ খালি চোখে দেখা যেতে পারে বলেও আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করা ইব্রাহিম আল জারওয়ান জানান, এই পূর্বাভাস পুরোপুরি বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করেন, যিলহজ মাসের শুরু, পবিত্র আরাফাতের দিন এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপরই নির্ভর করবে।

প্রতি বছরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সংস্থা আগাম সম্ভাব্য তারিখ প্রকাশ করলেও ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার পরই ঈদের তারিখ চূড়ান্ত হয়।

সূত্র: গালফ নিউজ