অবৈধ পেট্রোল মজুদ: তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জারিকেনে ১২০ লিটার পেট্রোল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় জ্বালানি তেল অবৈধভাবে জারিকেনে মজুদ করার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকৃত ১২০ লিটার পেট্রোল জব্দ করে বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি এলাকায় অবস্থিত আর বি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জানা যায়, পাম্পটিতে জারিকেনে করে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বাইরে অধিক দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা নিশ্চিত হয়ে দ্রুত অভিযান চালানো হয়।

অভিযান শেষে পাম্প কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ১২০ লিটার পেট্রোল বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।