তারাগঞ্জে মন্দিরে চুরি, থানায় অভিযোগ

পূজার সামগ্রী ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪২ হাজার টাকার মালামাল খোয়া, তদন্ত দাবি।

টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ।

বুধবার (২৮ এপ্রিল) উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা জিগারতলা পাকজানপাড়া এলাকার শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা জানাজানি হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল রাত আনুমানিক ২টার পর থেকে ২৮ এপ্রিল সকাল ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার ঘরে থাকা মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

পরদিন সকালে মন্দিরে এসে কর্তৃপক্ষ পূজার ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দেখা যায়, কাসার থালা, বাটি, ঘটি, প্রদীপ, চামচ, গ্লাসসহ পূজার বিভিন্ন উপকরণ এবং কিছু স্বর্ণালঙ্কার নিখোঁজ রয়েছে।

মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪২ হাজার টাকা। এসব সামগ্রী নিয়মিত পূজা-অর্চনায় ব্যবহৃত হতো।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

মন্দির সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় উপাসনালয়ে এমন চুরির ঘটনা শুধু সম্পদহানি নয়, এটি মানুষের ধর্মীয় অনুভূতির ওপরও আঘাত।

তারাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।