রাজশাহীতে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন

দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষাকালে হামলার অভিযোগে ৩ সদস্যের কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন দিতে নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর হামলা ও এক নারী শিক্ষককে লাঞ্ছনার অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তিন সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এক নারী শিক্ষককে লাঞ্ছনার অভিযোগও উঠেছে।

ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ-২ অধিশাখা)কে আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।