সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠছে ১৭ প্রকল্প

প্রায় ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: চলতি অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ (রোববার) অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। পাশাপাশি একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। যদিও সেদিন ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে বৈঠক স্থগিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে সেই ধারা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক আয়োজন করা হচ্ছে। আজকের বৈঠকও একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।