সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার হজযাত্রী

৮১টি ফ্লাইটে যাত্রা; দুই বাংলাদেশির মৃত্যু।

টুইট ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন।

এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস–এর ৩০টি ফ্লাইটে পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস–এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। জানা গেছে, আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং নইম উদ্দীন মণ্ডল স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর প্রথম বিশেষ ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। হজযাত্রী পরিবহনের এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।