অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

টংকাবতীতে সেনা সাফল্য। পাহাড়ে নিরাপত্তা জোরদার।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত ৬ রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। বান্দরবান সেনা জোনের ২৮ ই বেঙ্গল ইউনিট রাতভর দুর্গম পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টংকাবতীর ইসমাইলের রাবার বাগান থেকে ৬ শ্রমিককে অপহরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অপহরণকারীরা অজ্ঞাত নম্বর থেকে বাগান মালিক মো. ইসমাইলের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে টাকা না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অপহরণের খবর পেয়ে বান্দরবান সেনা জোন তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সেনা সদস্যরা অপহৃতদের অবস্থানের নিকটবর্তী পাহাড়ে পৌঁছালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেনা সদস্যরা তাদের নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত। উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার বাড়ি টংকাবতীর লাকড়ি পাড়া এলাকায়। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্লেষকরা বলছেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে অপহরণ ও মুক্তিপণ দাবির মতো ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বাড়ছে। তবে সেনাবাহিনীর দ্রুত, সমন্বিত ও ঝুঁকিপূর্ণ এই অভিযান অপহৃতদের জীবিত উদ্ধারে কার্যকর ভূমিকা রেখেছে, যা জননিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।
এ ধরনের সফল অভিযান পার্বত্য এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






