পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

অতিরিক্ত মহাপরিদর্শকসহ ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি; গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্ব বণ্টন, ডিএমপিতে অভ্যন্তরীণ পরিবর্তন।

টুইট ডেস্ক: বাংলাদেশ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন জন উপকমিশনারকেও অভ্যন্তরীণভাবে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই রদবদলের আদেশ দেওয়া হয়। প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের উপমহাপরিদর্শক এবং সুপারনিউমারারি অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উপমহাপরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে এবং টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) উপমহাপরিদর্শক করা হয়েছে। তার স্থলে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ১৩ জন পুলিশ সুপারকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। এর মধ্যে সিলেট মহানগর পুলিশ, বিশেষ শাখা, অপরাধ তদন্ত বিভাগ, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ বিভিন্ন সংস্থায় গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখায় এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রংপুর মহানগর পুলিশ ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটেও একাধিক কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে পৃথক চিঠির মাধ্যমে তিন জন উপকমিশনারের অভ্যন্তরীণ বদলি নিশ্চিত করা হয়। এতে মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগে এবং মোছা. লিজা বেগমকে নারী সহায়তা ও তদন্ত বিভাগে পদায়ন করা হয়েছে।