তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়ানোকে অযৌক্তিক দাবি।
টুইট ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানো জনজীবনের সংকটকে আরও তীব্র করে তুলবে।
তিনি দাবি করেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকলেও দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়।
জামায়াত আমির আরও বলেন, এ সিদ্ধান্তের প্রভাব পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং দুর্ভোগ বাড়বে।






