রাজশাহীতে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় প্রশাসক রিটন

রাজশাহীতে বড় প্রকল্প পরিদর্শন। কাঠালবাড়িয়া থেকে মিনি স্টেডিয়াম পর্যন্ত আধুনিক অবকাঠামো নির্মাণে জোর, নাগরিক সেবায় নতুন সম্ভাবনা।
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশনে তার সক্রিয় তদারকি ও কার্যকর নেতৃত্বে মহানগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক গতি ফিরে আসতে শুরু করেছে।
রবিবার (১৯ এপ্রিল) তিনি কাঠালবাড়িয়া মোড় থেকে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি কার্পেটিং সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত, সড়ক বিভাজক, রেলিং এবং রিটেনিং ওয়াল নির্মাণ কাজের অগ্রগতি ও মান যাচাই করেন। সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রশাসক বলেন, নগরীর যান চলাচল সহজ করা, জলাবদ্ধতা নিরসন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ এই করিডরে আধুনিক অবকাঠামো গড়ে উঠবে, যা সামগ্রিক নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
নগর বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে রাজশাহী মহানগরী একটি টেকসই ও বাসযোগ্য নগর হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে।







