বান্দরবানে জাতীয়তাবাদী ক্রীড়াদলের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি

চিংসা প্রু কেসি আহ্বায়ক, মুজিবুর রশিদ সদস্য সচিব; তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের ৭১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সাবেক কারাতে খেলোয়াড় চিংসা প্রু কেসিকে আহ্বায়ক এবং ক্রীড়া সংগঠক মোঃ মুজিবুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ মুজিবুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান উর রশিদ।
আহ্বায়ক চিংসা প্রু কেসি বলেন, একসময় বান্দরবানের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ছিল, তবে নানা কারণে সেই ধারাবাহিকতা কিছুটা ব্যাহত হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদস্য সচিব মোঃ মুজিবুর রশিদ জানান, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একটি সুসংগঠিত ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন তিনি।
নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে বান্দরবানে ক্রীড়া চর্চা সম্প্রসারণ, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।






